আঁকিবুকি

খেয়ালী লেখা

নেই স্বপ্ন ডিসেম্বর 31, 2007

যার অধীনে আছে: bangla, bengali, poem, poetry, কবিতা — মালিনী @ 11:40 pm
Tags: , , , , ,

If you are unable to read this Bangla (Bengali) poem due to problems with Bangla (Bengali) fonts, please click here for a format which does not require installation of Bangla (Bengali) fonts.

 

ওর ফুটবল নেই।

কারণ?

মাঠ নেই, সঙ্গী নেই, বন্ধু নেই …

আর তাছাড়া -

ওর পাদুটোই যে নেই!

 

সেই ছোট্টবেলায় -

ইশ্‌কুলের প্রথম ক্লাসে প্রথম দিন

গড়ানে চেয়ার গড়িয়ে গড়িয়ে

দিদিমণি ওকে বসিয়ে দিলেন

ওর জায়গায়।

ও দেখলো -

চারপাশে সক্কলের নিজের নিজের পা -

শুধু ওর নেই।

ভাবলো একটু। আবার ভাবলোও না।

 

তারপর বেশ কয়েকটা বছর তো কাটলো!

ওর মাথা থেকে হাঁটু অব্দি

তরতরিয়ে বাড়লো।

কিন্তু হলে কি হবে!

পা দুটো যে কে সেই।

 

এখন রোজ বিকেলে

মা ওকে বসিয়ে দেন

বারান্দার এই খুব চেনা জায়গাটায়।

পাড়ার সক্কলে – মানে যাদের পা আছে,

দাপিয়ে বেড়ায় নীচে।

ওদের ফুটবল আছে।

মাঠ নেই …

তাতে কি?

কানাগলির এধার থেকে ওধার -

সবটাই তো ওদের!

 

ও দেখে। নীচে নয়। উপরদিকে।

প্রায় আকাশ-ছুঁয়ে-ফেলা

মস্ত বাড়িটা -

ওই যে – যার গড়নটা কেমন কোনাচে -

অনেকটা রাজবাড়ি … না, না -

হ্যাঁ – বেশ খানিকটা দুর্গের মতো -

সেই বাড়িটা দেখে।

সারাদিনের কাজ সেরে

সূয্যিমামা যেই ঘরে যান -

ওমনি ওই চেনা বাড়িটা

ভোল পালটে সত্যিই একটা দুর্গ হয়ে যায়।

আর তার সামনে পিছনে

বড্ড সাধারণ গাছগুলো

উজ্জ্বল সূর্যাস্তের আলোর সামনে

কালো হয়ে দাঁড়িয়ে পড়ে।

সবটা কেমন অচেনা ভয় ভয় ঠেকে!

 

ও দেখে – দুর্গের চোরাকুঠুরিতে

ঘুমিয়ে আছে রাজকন্যে।

ইচ্ছে করে ছুট্টে গিয়ে নিয়ে আসে।

হাত নিশপিশ করে।

মাথার মধ্যে দপ্‌দপ্‌।

যেতে পারে না।

স্বপ্নেও না।

ওর যে পাদুটোই নেই ….

 

সম্পর্ক ডিসেম্বর 26, 2007

যার অধীনে আছে: bangla, bengali, poem, poetry, কবিতা — মালিনী @ 10:27 pm
Tags: , , , ,

If you are unable to read this Bangla (Bengali) poem due to problems with Bangla (Bengali) fonts, please click here for a format which does not require installation of Bangla (Bengali) fonts.

My World Your World

A group of insensitive tourists visiting a reserve forest along with a passionate naturalist inspired me to write this poem. A naturalist is a trained forest guide.

ওরা সবাই বনে গিয়েছিলো।

সঙ্গে ছিল বনের সহচর।

বনের হালহদিশ ওর নখের আয়নায় ছকা।

বনই নেশা, বনই পেশা, বনবাংলোর পাশেই ওর ঘর।

 

বনগাড়ি ঠিক ভরবিকেলে এলো।

চড়ে বসলো ওরা সবকজন।

বাহারি শাড়ি, রংদার শার্ট, ঝাঁচকচক জুতোর মচমচ।

বনসহচর দেখলো, বুঝলো, কুঁকড়ে গেল সহজ ওর মন।

 

বনের পথ। এধার ওধার গাছ।

গাড়ির ছাদে ডালের ঠোক্কর।

পাতার ফাঁকে, পথের বাঁকে বিকেলবেলার আলোর ঝলকানি।

নীরব বন। নিঝুম চুপ। হরিণপথে বনের সহচর।

 

বেশ খানিকটা টহল দিল গাড়ি।

গালগল্পে মশগুল যাত্রীরা।

বনসহচর চেনালো পাতা, পাখির ডাক, জন্ত জানোয়ার।

ওরা দেখলো, দেখলো না বা – বন্ধ মনে বনের কড়া নাড়া।

 

ওরই মাঝে চোখে পড়লো হঠাৎ -

নোয়ানো চোখ বনের পথে পাতা;

উজল মুখ শেষবেলার আলোয় সেজে আছে।

কথায় নয়, বনেই কান। বনেই ওর মন রয়েছে গাঁথা।

 

বনসহচর ঝিকিয়ে উঠলো হেসে।

ভালো লাগলো লম্বা বনসফর।

গাড়ি ঘোরালো। এবার যাবে গহীনতর বনে।

দেখাতে হবে, চেনাতে হবে বনবাড়ির সদর-অন্দর।

 

কাজের মন ডিসেম্বর 25, 2007

যার অধীনে আছে: bangla, bengali, poem, poetry, কবিতা — মালিনী @ 12:26 am
Tags: , , , ,

If you are unable to read this Bangla (Bengali) poem due to problems with Bangla (Bengali) fonts, please click here for a format which does not require installation of Bangla (Bengali) fonts.

 

মন বললে, ‘আমার অনেক কাজ!’

বন বললে, ‘এমন কি কাজ শুনি!’

মন বললে – ‘ঝাড়াই, বাছাই, মাড়াই -

চৌপরদিন শুনি, বুনি, গুনি …’

 

বন ভাবলে চুপটি করে বসে -

‘কাজতো তবে আমারও কম নয়।

ফুল, ফল, গাছ – সবার দেখাশোনা …

গুনবো, বুনবো – কোথায় সে সময়!’

 

মন বললে, ‘কেমনধারা কাজ!

দেখাশোনায় দিন হয়ে যায় পার!

হিসেবনিকেশ করবে কখন তবে?

নিজের কথা ভেবেছো একবার?’

 

ঠিক তখনি বাতাস দিল দোল,

বনের পাতায় ঝিলিক তুললো আলো।

মন দেখলে পূর্ণতার এক ছবি।

ভাবলে – ‘আমার ঘরটি শুধু কালো!’

 

বনবাতাস মনবাতাস ডিসেম্বর 23, 2007

যার অধীনে আছে: bangla, bengali, poem, poetry, কবিতা — মালিনী @ 10:51 pm
Tags: , , , ,

If you are unable to read this Bangla (Bengali) poem due to problems with Bangla (Bengali) fonts, please click here for a format which does not require installation of Bangla (Bengali) fonts.

 

সামনে নদী নিপাড় নিচর,

বনের ধারে ঘর।

ঘরখানি নিশ্চুপ,

কেবল মনটি থরোথর!

 

মনের বাতাস উথাল পাথাল,

মনের ঘরে ভিড়।

মনের মধ্যে ঝিলিক তুলে

বনের বাতাস থির!