আঁকিবুকি

খেয়ালী লেখা

মানুষটা না ফানুসটা ! জুন 3, 2008

যার অধীনে আছে: bangla, bengali, poem, poetry, কবিতা — মালিনী @ 10:23 pm
Tags:

If you are unable to read this Bangla (Bengali) poem due to problems with Bangla (Bengali) fonts, please click here for a format which does not require installation of Bangla (Bengali) fonts.

 

এ বাড়ির ব্যালকনি
ও বাড়ির ব্যালকনিকে চেঁচিয়ে বললে -
‘ ও মা দেখ, দেখ ! লোকটা বোধহয় মরলো !’
ও বাড়ির ব্যালকনি চোখ কপালে তুলে চেঁচালে -
‘ ও মা সেকি! এই ভরদুপ্পুরে ?
কি অলুক্ষুণে কাণ্ড বল্‌ ভাই ! ‘
তারপর এ বাড়ি ও বাড়ি
চোখ চাওয়াচাওয়ি, মুখ চাওয়াচাওয়ি করলে ।
দু ব্যালকনির দরজাদুটো বন্ধ হল।
বন্ধ দরজার আড়ালে বিবেক লুকোল ।

 

লোকটা কিন্তু তখনো মরেনি ।
দোকাঘরটার নোংরা দেওয়ালে
পিঠ ঠেকানো ছিল ।
আর বুকটা উঠছিল, নামছিল -
হাপরের মত ।
লোকটা বিড়বিড় করে বলছিল -
‘একটু জল ! একটু জল দাও ! একটু জল দেবে ?’
বলছিল -
কিন্তু কেউ শুনছিল না ।
কোনো মা লক্ষ্মী , নবকার্তিক অথবা পুরুষসিংহ -
কেউ না ।
রাস্তায় ছড়ানো ছিল তারা ।
তবু শুনছিল না ।
ওদের কানের মাথা শহর খেয়েছে।
আর চোখের মাথা ?
নিজেরাই !

 

শুকনো কাঠ বুক ,
শুকনো কাঠ দিন ।
ফুটিফাটা ঠোঁটে, জিভে
একটু লালাও ছিল না ।

 

মৃত্যু আসছিল -
পায়ে পায়ে, আস্তে আস্তে -
অমোঘ, স্থিরসঙ্কল্প ।
অসহায় শিকারকে গ্রাস করছিল
মাকড়সার মত ।
লোকটা মরে যাচ্ছিল ।
কিন্তু কেউ জানতে চাইছিল না ।
ঘাড় এলানো, শরীর এলানো ,
চামড়া কুঁচকোনো বুড়ো লোকটা -
একটু একটু করে মরে যাচ্ছিল ।

 

শহর তাকিয়ে দেখছিল না ।
মানুষ তলিয়ে ভাবছিল না ।
ব্যালকনির বন্ধ দরজার ওধারে -
মানুষ ছিল ! মানুষ ছিল না ।

 

3 Responses to “মানুষটা না ফানুসটা !”

  1. susanta Says:

    কবিতাটির মর্মবাণী অনুভব করলাম। আপনার শক্তির আবারও প্রশংসা করছি। আপনার আরও নিয়মিত লেখা উচিত।

  2. Zihad Says:

    চমৎকার লাগলো !!

  3. ashik Says:

    অসাধারন ।


Leave a Reply