আঁকিবুকি

খেয়ালী লেখা

প্রান্তলীন ডিসেম্বর 24, 2008

যার অধীনে আছে: bangla, bengali, poem, poetry, কবিতা — মালিনী @ 1:20 pm
Tags: , , , ,

প্রতিদিন ভাবি – বিষণ্ণ হবো না ।
সদর খিড়কি এঁটে রাখবো ।
সাঁঝবাতি জ্বেলে রাখবো ।
বিষাদের বেনোজলে
নিকনো উঠোন, ঘরবসত ভিজতে দেবো না ।
প্রতিদিন ভাবি ।

প্রতিদিন ভাবি – বিপন্ন হবো না ।
বুকের ধারে বাঁধ বাঁধবো ।
যুক্তিতক্কো শানিয়ে রাখবো ।
কথার মারে
মনপেয়ালায় ঝোড়ো হাওয়া উঠতে দেবো না ।
প্রতিদিন ভাবি ।

প্রতিদিন ভাবি ।
তবু প্রতিদিনই -
ভোর তেতে ওঠে দুপুরে ।
দুপুর তেতে ওঠে রাতে ।
আলো গড়ায় আঁধারে ।
মনের মরা খাতে -
বিষাদ বানভাসি ।
সদর-খিড়কি হাট-কপাট ।
সাঁঝপিদিমে জলের ছাঁট ।
আঁধারভেজা ঘরবসতে -
উদান অট্টহাসি ।

তবু – প্রতিদিন ভাবি ।
 

 

অন্যমনা ডিসেম্বর 22, 2008

যার অধীনে আছে: bangla, bengali, poem, poetry, কবিতা — মালিনী @ 9:50 pm
Tags: , , ,

 

 

সে আমাকে প্রতিনিয়ত বলে –

‘আমাকে ভালবাসো ।’
আমি বলি – ‘বাসবো ।’

নিশ্চুপ ভোরে ঘুমভাঙা সূর্যের আলোয় পথ চিনে
সে আসে ।
নিশ্ছিদ্র প্রদোষে একলা তারাকে পথ চিনিয়ে সে আসে ।
বলে – ‘আমাকে ভালবাসো ।’
আমি বলি – ‘বাসবো ।’

আমার দিনযাপনের ছত্রে ছত্রে খেদ ।
আমার মনমহলের স্তরে স্তরে মেদ ।
আমার নিঃঝুম নীড় – দু চোখে নেই আলো ।
আমার ভুবনজোড়া অমানিশার কালো ।

তবু –
বিষণ্ণ বিরত আমাকেই ভালবেসে সে বলে –
‘আমাকে ভালবাসো ।’
আমি বলি – ‘বাসবো ।’

জন্মের ক্রন্দন থেকে মৃত্যুর ক্রন্দনের পথে –
আমার সনিষ্ঠ সঙ্গীর কাছে –
এ আমার অনান্তরিক অঙ্গীকার ।

সে জানে ।
তবু ভালবাসে ।
আমি তাকে প্রতিশ্রুতি দিই ।
বলি – ‘ভালবাসবো ।’
প্রতীক্ষায় রাখি । কিন্তু নিশ্চেষ্ট নির্লিপ্ত একা থাকি ।
সেই ভালবাসে ।
বলে – ‘আমাকে ভালবাসো ।’
আমি বলি – ‘বাসবো ।’