আঁকিবুকি

খেয়ালী লেখা

অবিচলিত জানুয়ারি 17, 2009

যার অধীনে আছে: bangla, bengali, poem, poetry, কবিতা — মালিনী @ 10:03 pm
Tags: , , , ,
দিনের কাছে মাথা নোয়াব না ।
ক্ষণোজ্জ্বল বহুরূপী দিন -
তার অনুভাবে বিচলিত হব না ।
তার বর্ণচ্ছটায় পথভ্রষ্ট হব না ।
আমাকে সে চঞ্চল করে ।
অথচ, আমার উদ্বাহু আলিঙ্গনকে তুচ্ছ করে,
আমার আতপ্ত অন্তরকে অবজ্ঞা করে,
আমার সদর অন্দর আঁধার করে -
অনধীন স্বেচ্ছাচারী দিন
ক্রন্দসীর রক্তিম কন্ঠমূলে মুখ ঢাকে ।

রাতের কাছে মাথা নোয়াব না ।
অচঞ্চল অন্ধকার রাত -
তার প্রগাঢ়তায় আশঙ্কিত হব না ।
তার দুর্ভেদ্য বিস্তারে বিহ্বল হব না ।
আমাকে সে অধিকার করে ।
অথচ, আমার আকুল আকাঙ্ক্ষাকে নগ্ন করে,
আমার অনিদ্র প্রতীক্ষাকে প্রত্যাখ্যান করে,
আমার তমসার্দ্র কামনাকে প্রকট করে -
অনিরুদ্ধ আত্মগর্বী রাত
পূষার প্রত্যুষরথে অহনার অনুগামী হয় ।

জীবনের কাছে মাথা নোয়াব না ।
রূপদক্ষ অধ্বগ জীবন -
তার প্রলোভনে দিগ্‌ভ্রান্ত হব না ।
তার মধুচক্রে বিলুপ্ত হব না ।
আমাকে সে আকর্ষণ করে ।
অথচ, নিরায়ুধ আমাকে উপেক্ষা করে,
নিঃসঙ্গ আমাকে নিরাশ্রয় করে,
নিমজ্জমান আমাকে নিরাশ করে -
পরশ্রমজীবী এ জীবন
আমাকে তৃষ্ণার্ত জেনে তবু অভীষ্টপূরণে ব্রতী হয় ।

অভিমানী আমি – চিরাগত মৃত্যুকে ভালবাসবো ।


 

প্রত্যাবর্তন জানুয়ারি 2, 2009

যার অধীনে আছে: bangla, bengali, poem, poetry, কবিতা — মালিনী @ 12:30 am
Tags: , , , ,

 

ও মেয়ে, তোর মুখটি কেন ভার?
চোখটি ছলোছল?
মনপবনের নাও ভাসিয়ে
বইছে নোনা জল !
কেন – আমায় খুলে বল ।

এই তো কেমন হিমেল হাওয়া,
গাছের পাতায় আলো ।
ভোরের সূয্যি ঢেকে দিলেন
রাতকলসের কালো ।
রূপসী দিন প্রেক্ষণিকা,
পূর্ণ ঢলোঢল ।
তবু চোখটি ছলোছল !
কেন – আমায় খুলে বল ।

একদা কাকচক্ষু মনে প্রাত্যহিকের কালি ।
পড়শি গেছে দেশান্তরে, আয়নামহল খালি ।
আঁটকুঠুরি – ঝাঁট পড়ে না – জমছে ধুলোবালি ।

নিকিয়ে নে না উঠোনখানা,
সাজিয়ে নে না ঘর ।
আঁধারজমা আঁটকুঠুরি
আলোয় মেলে ধর ।
অমনি দেখবি বিহানবেলায় ক্রন্দসী যায় ভেসে ।
গহীন রাতে আলাপচারি – পড়শি এল দেশে ।