আমার মধ্যে কটা আমি!
হিসেব কষতে বসেই দেখি
থই মেলে না। কোথায় থামি!
একটি আমির ভাল লাগে
ভোরের তারা, সাঁঝের বাতি।
অপরটি – সে ভালবাসে
আঁধারঘেরা নিশীথ রাতি।
আলো-আঁধার, কালো-উজল
দুই-ই কি হয় সমান দামী!
যে আমিটির মন কেড়েছে
রূপসাগরে মনের মানুষ,
সেই আমিটিই হঠাৎ হাওয়ার
ভাসানস্রোতে ওড়ায় ফানুস।
শিকড় টানে। আকাশ ডাকে।
পথহারা মন মধ্যগামী।
একটি আমির গহীন রাতে
একলা ঘরে শ্রান্ত রোদন।
অন্য আমির রোজ প্রভাতে
পূবের আলোয় দিন-আবাহন।
এমনি করেই আলোয়-কালোয়
অতীত হবে দূর আগামী।